Loading...

News Details

শিক্ষার মানোন্নয়ন ও গুণগত মান নিশ্চিতকরণে AAUB-তে আউটকাম বেইজড এডুকেশন (OBE) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঢাকা, ১০ অক্টোবর ২০২৬: অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ (AAUB)-এর অ্যাভিয়েশন অপারেশন ম্যানেজমেন্ট (AVOM) বিভাগের উদ্যোগে ১০ অক্টোবর ২০২৬, শনিবার ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ফ্যালকন হলে “Training on Outcome Based Education (OBE): Curriculum, Assessment and Continuous Quality Improvement” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক উচ্চশিক্ষার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে ফলাফলভিত্তিক শিক্ষাদান পদ্ধতি, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষার্থীদের মূল্যায়ন এবং প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চিতকরণ ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ঢাকা ও লালমনিরহাট ক্যাম্পাসের শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন AAUB-এর উপাচার্য এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, এম.ফিল। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ফ্যাকাল্টি অব অ্যারোস্পেস ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ-এর ডিন এয়ার কমডোর মোঃ রবিউল হাসান, এএফডব্লিউসি, পিএসসি। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাভিয়েশন অপারেশন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. হোসনে নাসরিন।

প্রশিক্ষণ কর্মসূচিতে চারটি বিশেষায়িত সেশনের মাধ্যমে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (BNQF), আউটকাম বেইজড এডুকেশন (OBE)-এর মূলনীতি, পাঠ্যক্রম প্রণয়ন ও সমন্বয়, শিক্ষণফল নির্ধারণ ও অর্জন মূল্যায়ন, রুব্রিকসভিত্তিক মূল্যায়ন পদ্ধতি এবং কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট (CQI) বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেশনগুলো পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর সাবেক অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান; আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (AUST) মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সরওয়ার মোর্শেদ; এবং একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস-এর সহযোগী অধ্যাপক ও IQAC-এর অতিরিক্ত পরিচালক ড. নাজনীন সুলতানা চৈতী। প্রশিক্ষণে বিষয়ভিত্তিক আলোচনা, ব্যবহারিক অনুশীলন ও দলীয় কার্যক্রমের মাধ্যমে কোর্সের শিক্ষণফলের সঙ্গে প্রোগ্রামের উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফলের সামঞ্জস্য বিধান, কার্যকর মূল্যায়ন পদ্ধতি প্রণয়ন এবং নিয়মিত পর্যালোচনার মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সমাপনী বক্তব্যে AAUB-এর উপাচার্য এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আউটকাম বেইজড এডুকেশন (OBE) কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা, অর্জিত জ্ঞান ও দক্ষতার পরিমাপযোগ্য মূল্যায়ন এবং পাঠদান ও মূল্যায়ন পদ্ধতির ধারাবাহিক উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও পেশাগত যোগ্যতাসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে একটি শক্তিশালী একাডেমিক কোয়ালিটি অ্যাসিউরেন্স ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব উল্লেখ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ, স্মারক হস্তান্তর ও গ্রুপ ফটোসেশনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। এ আয়োজন শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ফলাফলভিত্তিক শিক্ষাব্যবস্থার প্রসার এবং বাংলাদেশের বিশেষায়িত অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস উচ্চশিক্ষায় আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে AAUB-এর চলমান প্রচেষ্টারই প্রতিফলন।