Latest News
- /
- Announcement
- /
- News
- /
- ozaviyesn ozand ozarospes biswbidzaly banglades aaub e office etiquette and professional communication seershk seminar onushthit
ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬: অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)- এর উদ্যোগে “Office Etiquette and Professional Communication” শীর্ষক একটি সেমিনার বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএইউবির ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, জিডি(পি)।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একজন পেশাজীবীর জন্য কেবল নিজ নিজ ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনই যথেষ্ট নয়; দাপ্তরিক শিষ্টাচার বজায় রাখা এবং পেশাদার যোগাযোগে দক্ষ হওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের সদস্যদের আচরণ, শৃঙ্খলা, সৌজন্যবোধ এবং পারস্পরিক যোগাযোগের ধরন একটি প্রতিষ্ঠানের পেশাগত সংস্কৃতি ও মানকে প্রতিফলিত করে। বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে এএইউবিতে দাপ্তরিক শিষ্টাচার, সময়ানুবর্তিতা, পারস্পরিক সম্মান, কার্যকর যোগাযোগ এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার চর্চা একাডেমিক ও পেশাগত উৎকর্ষের গুরুত্বপূর্ণ অংশ বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে এয়ার কমডোর মোঃ আব্দুস সালাম (অবসরপ্রাপ্ত), ডিসটিংগুইশড প্রফেসর ও সেমিনারের প্রধান সংগঠক, রিসোর্স পার্সন হিসেবে দাপ্তরিক শিষ্টাচার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অপরদিকে, এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন (অবসরপ্রাপ্ত), ডিসটিংগুইশড এক্সপার্ট ও রিসোর্স পার্সন হিসেবে পেশাদার যোগাযোগ বিষয়ে আলোকপাত করেন। তাঁদের আলোচনায় কর্মক্ষেত্রে সৌজন্য ও শৃঙ্খলা, পেশাগত আচরণ, যথাযথ শব্দ ও ভাষার ব্যবহার, কার্যকর শ্রবণ, ই-মেইল ও দাপ্তরিক যোগাযোগ, সভা পরিচালনা এবং সহকর্মীদের প্রতি পারস্পরিক সম্মান প্রদর্শনের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, প্রযুক্তির উন্নয়নে যোগাযোগ দ্রুততর হলেও কার্যকর ও পেশাদার যোগাযোগের জন্য স্পষ্টতা, যথাযথ ভাষা, শালীনতা ও দায়িত্বশীলতা অপরিহার্য। বিশেষ করে অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে নির্ভুলতা, শৃঙ্খলা, দলগত কাজ, দায়িত্ববোধ এবং সঠিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ; তাই এসব গুণ বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও গবেষণাগারের পাশাপাশি দাপ্তরিক কর্মকাণ্ড ও দৈনন্দিন আচরণেও প্রতিফলিত হওয়া প্রয়োজন।
সেমিনারে এএইউবির ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, জেসিওসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর ও মতবিনিময়ের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।