Latest News
- /
- Announcement
- /
- News
- /
- ozaviyesn ozand ozarospes biswbidzaly banglades aaub er 21tm sindiket sva onushthit
১। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর ২১তম সিন্ডিকেট সভা গত ২০ আগস্ট ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সভায় এএইউবি-এর ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) সভাপতিত্ব করেন।


২। সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দগণকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে সভাপতি বলেন, “অ্যাভিয়েশন প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, মহাকাশ গবেষণা এবং স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা প্রযুক্তি শুধু উন্নত বিশ্বের বিষয় নয়; এটি একটি দেশের ভবিষ্যৎ সক্ষমতা ও মর্যাদার গুরুত্বপূর্ণ নিয়ামক। আমাদের মূল উদ্দেশ্য দেশের বিদ্যমান অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতার আলোকে অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে আধুনিক প্রযুক্তিগত সক্ষমতা অর্জন, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়টিকে একটি উৎকৃষ্ট ও অনুকরণীয় উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা।”
৩। গবেষণা ও শিল্প খাতের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও উল্লেখ করেন, কার্যকর অংশীদারত্বই একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ের মূল ভিত্তি। এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির উদ্যোগে গত ২৩ জুন ২০২৬ তারিখে আয়োজিত “Collaborative Research with Universities, Industries and Entities: Prospects, Challenges and Ways Out” শীর্ষক সেমিনারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান এবং গবেষণা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বিষয় বিশেষজ্ঞগণ কর্তৃক গবেষণা খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে এসেছে। অতঃপর ভাইস চ্যান্সেলর গত ২০তম সিন্ডিকেট সভার পরবর্তী সময়ে বাস্তবায়িত বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সংক্ষিপ্তসার সম্মানিত সদস্যদের অবগতির জন্য উপস্থাপন করেন।
৪। ২১তম এই সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সদস্যবৃন্দের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-এর প্রতিনিধি ও সম্মানিত সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।