Loading...

News Details

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর ৭ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী গত ০২ মে ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হয়েছে। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

মাননীয় মন্ত্রী, এএইউবি-এর স্বল্প সময়ে অর্জিত উল্লেখযোগ্য সাফল্য ও অগ্রগতির ভূয়সী প্রশংসা পূর্বক বলেন যে, এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে লালমনিরহাট অঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন সাধিত হবে এবং দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে নতুন দিগন্তের সূচনা ঘটবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি, গবেষণাগার ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস ধরে রাখার আহবান জানান এবং আশা প্রকাশ করেন যে, তারাই ভবিষ্যতে দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি শিক্ষকবৃন্দকে জ্ঞানচর্চার পাশাপাশি মানবিকতা ও দেশপ্রেমের মূল্যবোধ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানান। পরিশেষে, তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। 

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর সম্মানিত ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) প্রধান অতিথিকে বিশ্ববিদ্যালয়ের চত্বরে উপস্থিত থেকে অভ্যর্থনা এবং পরবর্তিতে অনুষ্ঠান শেষে বিদায় জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় থেকে অ্যাভিয়েশন এবং অ্যারোস্পেস বিষয়ক ম্যাগাজিন “SPACE & BEYOND” প্রকাশ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উক্ত অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার, লালমনিরহাট জেলার উচ্চপদস্ত সরকারী, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এএইউবি পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এএইউবি ২০১৯ সালে ঢাকার পুরাতন বিমানবন্দরে স্বল্প পরিসরে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে ০৩ জুলাই ২০২২ তারিখে লালমনিরহাট ক্যাম্পাস থেকে আনুষ্ঠানিকভাবে এ বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয় ৪টি অনুষদের অধীনে ৪টি স্নাতক ও ৫টি স্নাতকোত্তর কোর্স পরিচালনা করছে।