Loading...

News Details

এএইউবি-এর লালমনিরহাট ক্যাম্পাসে দুই দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা–২০২৬ সম্পন্ন সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাট, ২০ নভেম্বর ২০২৬: অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর লালমনিরহাট ক্যাম্পাসে দুই দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা–২০২৬ (NAGC-2026) আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি।

 

 

সমাপনী অনুষ্ঠানে লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্যবৃন্দ, এএইউবি-এর ভাইস চ্যান্সেলর, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকেরা অনুষ্ঠানে যোগ দেন।

অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবটিক্স ও স্পেস প্রযুক্তির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ সৃষ্টি, তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশ এবং দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের একটি জাতীয় প্ল্যাটফর্মে যুক্ত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীল ধারণা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও বাস্তবসম্মত সমাধান তুলে ধরেন।

সমাপনী দিনের শুরুতে এএইউবি-এর ভাইস চ্যান্সেলর বলেন, জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার প্রথম আয়োজনেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণদের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে যে, বাংলাদেশের নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি গভীর আগ্রহ ও অপার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি প্রতিযোগিতা আয়োজন করা নয়; বরং তরুণ মেধাকে খুঁজে বের করা, তাদের ধারণাকে গবেষণা ও বাস্তব প্রযুক্তির সঙ্গে যুক্ত করা এবং ভবিষ্যতে দেশের Aviation, Aerospace, Drone, Robotics ও Space Technology খাতে নিজস্ব সক্ষমতা গড়ে তোলার জন্য একটি ধারাবাহিক প্ল্যাটফর্ম সৃষ্টি করা।” তিনি অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন জানান এবং বিজয়ী না হলেও প্রতিটি উদ্ভাবনী প্রচেষ্টাকে ভবিষ্যৎ সাফল্যের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন।

প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের প্রতিযোগিতা তরুণদের শুধু প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করে না; বরং জাতীয় প্রয়োজনকে সামনে রেখে নতুন ও কার্যকর সমাধান উদ্ভাবনে উৎসাহিত করে। তিনি বলেন, ড্রোন, রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য আধুনিক প্রযুক্তি ভবিষ্যতে দুর্যোগ পূর্বাভাস, উদ্ধার কার্যক্রম, কৃষি, যোগাযোগ, নিরাপত্তা ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি তরুণদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্নকে গবেষণা, অধ্যবসায় ও উদ্ভাবনের মাধ্যমে বাস্তবে রূপ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে AAUB-কে কেন্দ্র করে লালমনিরহাটে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৭টি বিশ্ববিদ্যালয়সহ সর্বমোট মোট ৭৪টি দল ও ২৯৬ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে Rotorcraft বিভাগে ১৬টি দলের ৬৯ জন, Fixed Wing বিভাগে ১৭টি দলের ৮০ জন, Soccer Bot বিভাগে ৩৭টি দলের ১১৭ জন এবং Space Robotics বিভাগে ৪টি দলের ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

চারটি বিভাগে বিজয়ীদের ফলাফল হলো—

Rotorcraft: প্রথম স্থান অর্জন করে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের ‘ইরফান এফপিভি’ এবং দ্বিতীয় স্থান অর্জন করে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ‘টিম ভর্টেক্স’।

Fixed Wing: প্রথম স্থান অর্জন করে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ‘ড্রাগন ফ্লাই’ এবং দ্বিতীয় স্থান অর্জন করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘অ্যারো ভেনম’।

Soccer Bot: প্রথম স্থান অর্জন করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ‘ব্ল্যাক সাবের’ এবং দ্বিতীয় স্থান অর্জন করে সিংগুলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।

Space Robotics: প্রথম স্থান অর্জন করে গ্রিন ইউনিভার্সিটির ‘মার্স রোভার টিম’। দ্বিতীয় স্থান যৌথভাবে অর্জন করে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ‘রোভার ৭১’ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম অগ্রদূত’।

প্রধান অতিথি বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন এবং অংশগ্রহণকারী সব দলকে তাদের উদ্ভাবনী প্রচেষ্টার জন্য অভিনন্দন জানান।

দুই দিনের এ আয়োজনের মধ্য দিয়ে NAGC-2026 শুধু একটি প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকেনি; বরং দেশের বিভিন্ন প্রান্তের তরুণ উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে জ্ঞান বিনিময়, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে কাজ করার একটি জাতীয় মিলনমঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। AAUB আশা করে, এ প্রতিযোগিতা থেকে উঠে আসা মেধা ও উদ্ভাবনী ধারণাগুলো ভবিষ্যতে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, শিল্পায়ন ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত আত্মনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

পুরস্কার বিতরণ ও ফটোসেশনের মধ্য দিয়ে ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা–২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।